সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে যাত্রা করে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে গত সোমবার বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। সন্ধ্যায় তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ত্রিপুরাকে আইসিইউতে নেওয়া হয়। তার মাথার ডান দিকে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেখানে তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। চেসি ত্রিপুরার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনা চান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

