ছাত্রীদের রাতে হলে প্রবেশের সময়সীমা বাড়ানোর দাবি ডাকসুর

ছাত্রীদের রাতে হলে প্রবেশের সময়সীমা বাড়ানোর দাবি ডাকসুর
ছবি: সংগৃহীত

ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বহিরাগত ও অছাত্রদের অবৈধ প্রবেশ রোধে যাচাইয়ের নামে সৃষ্ট ভোগান্তি দূর করতে প্রতিটি হলে আধুনিক ডিজিটাল সিকিউরিটি গেট স্থাপনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একইসঙ্গে নারী শিক্ষার্থীদের রাতে হলে প্রবেশের সময়সীমা যৌক্তিকভাবে বাড়ানো এবং এ-সংক্রান্ত হয়রানি বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৬ জুলাই) ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে এসব দাবি এবং এর বাস্তবসম্মত সমাধানের রূপরেখা উপস্থাপন করে।

বিজ্ঞাপন

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ছাত্রী হলে আধুনিক ডিজিটাল সিকিউরিটি গেট স্থাপনের প্রস্তাব তারা আগেই দিয়েছিল। এ লক্ষে স্পন্সরের মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থাও করা হয়েছিল।

তাদের ভাষ্য, প্রস্তাবিত ব্যবস্থায় শিক্ষার্থীদের আইডি কার্ড পাঞ্চ, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন প্রযুক্তির সমন্বয়ে একটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালুর পরিকল্পনা ছিল। এ লক্ষে ডাকসু নিরন্তর পরিশ্রম করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও অনুমোদন না দেওয়ার কারণে এখন পর্যন্ত উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

ডাকসুর দাবি, ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা চালু হলে ছাত্রী হলগুলোর নিরাপত্তা বৃদ্ধি পেত। একই সঙ্গে হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি-সংক্রান্ত বিদ্যমান জটিলতারও যৌক্তিক সমাধান সম্ভব হতো।

প্রতিনিধিদল নারী শিক্ষার্থীদের রাতে হলে প্রবেশের ক্ষেত্রে অহেতুক হয়রানি বন্ধ এবং হলে প্রবেশের সময়সীমা যৌক্তিকভাবে বাড়ানোর আবেদন জানায়। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের নিজ নিজ হলে প্রবেশ এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য ছাত্রী হলে প্রবেশের সুযোগ সৃষ্টির দাবিও জানানো হয়।

এছাড়া নারী শিক্ষার্থীদের পিতামাতার হলে আসাকে কেন্দ্র করে যে ভোগান্তি সৃষ্টি হয়, তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উত্থাপন করা হয়েছে। ডাকসুর বক্তব্য, অতীতে এসব বিষয়ে ফলপ্রসূ ও বাস্তবসম্মত আলোচনা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই বিষয়গুলোর দ্রুত সমাধানের লক্ষে তারা একই দাবির পুনরাবৃত্তি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন