অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য (ভিসি) হিসেবে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। চলমান এই আন্দোলনে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকারী কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। এতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে অংশ নেন, যা প্রশাসনের দীর্ঘদিনের নীরবতার নীরব প্রতীক হিসেবে তুলে ধরা হয়। মিছিলটি চুয়েট চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ নানা প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।
আন্দোলনের বিষয়ে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খাঁন বলেন, আমরা প্রায় ৮ দিন ধরে অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আমাদের যুক্তিসংগত আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এতদিনেও প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক কিংবা কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি। এই উদাসীনতা ও নীরবতার প্রতিবাদ জানাতেই আজ আমরা চোখে কালো কাপড় বেঁধে মাঠে নেমেছি।
প্রতিবাদ সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন যে, ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দ্রুত উপাচার্য পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের এই রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

