চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পর স্থায়ী চক্রাকার বাস চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পর স্থায়ী চক্রাকার বাস চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে চারটি স্থায়ী চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই বাস সার্ভিসে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে যাতায়াত করতে পারছেন।

বিজ্ঞাপন

প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়ক পর্যন্ত নিয়মিত চলাচল করবে এসব বাস।

চাকসুর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঞা জানান, সকাল থেকে চারটি বাস স্থায়ীভাবে ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট রুটে চালু হয়েছে। এতে শিক্ষার্থীরা কোনো প্রকার ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন। বাসের সুনির্দিষ্ট সময়সূচি (শিডিউল) নির্ধারণের লক্ষ্যে দ্রুতই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসব।

এর আগে গতকাল সোমবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় এবং হঠাৎ যান চলাচল বন্ধের প্রতিবাদে ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন চাকসু নেতারা। অটোরিকশা সিন্ডিকেট বন্ধসহ শিক্ষার্থীদের যাতায়াতে স্থায়ী চক্রাকার বাস চালুর দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

পরবর্তীতে রাত ১টার দিকে আন্দোলনস্থলে এসে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। দাবির মুখে তিনি মঙ্গলবার থেকেই স্থায়ীভাবে চারটি বাস চালুর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। প্রশাসনের সেই আহ্বানের পরদিনই চবিতে স্থায়ী চক্রাকার বাস সার্ভিস চালু হলো।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন