চবির প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবি শিক্ষার্থীদের

চবির প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীদের সংঘর্ষের ঘটনায় ব্যর্থতার অভিযোগে প্রক্টরিয়াল বডির সকল সদস্যদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার ‘অধিকার সচেতন শিক্ষার্থী’ ব্যানার থেকে একটি বিক্ষোভ মিছিলে এ দাবি জানায় একদল শিক্ষার্থী। পাশাপাশি আরও ছয়টি দাবি জানান তারা।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কাটাপাহাড় সড়ক, শহীদ মিনার প্রদিক্ষণ করে প্রক্টর অফিসের সামনে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ শেষে শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোশরেফুল হক রাকিব বলেন, আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের মূল উদ্দেশ্য হলো সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানানো। এ ঘটনায় প্রশাসনের চরম ব্যর্থতা থাকা সত্ত্বেও নানা নাটকীয় কাহিনী সাজিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

বিক্ষোভ শেষে সাত দফা দাবি জানানো হয়। সেগুলো হলো, আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ ও স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান; নিরাপত্তাহীন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য অবিলম্বে মানসম্মত ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা এবং আবাসনচ্যুত শিক্ষার্থীদের মালামাল উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা; উদ্ভুত পরিস্থিতিকে ঘিরে বিশেষভাবে চিহ্নিত শিক্ষার্থীদের সকলপ্রকার নিরাপত্তা নিশ্চিত করা।

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং নিরাপরাধ এলাকাবাসীদের হয়রানি বন্ধ করা, বৈপরীত্যমূলক দ্বন্দ্ব-সংঘাত নিরসনে উভয়পক্ষের অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন করা এবং ন্যূনতম তিন মাস পরপর মিটিং করা এবং সিন্ডিকেটকর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ প্রকাশ ও বাস্তবায়ন কর। উদ্ভুত পরিস্থিতির দায় নিয়ে প্রক্টরিয়াল বডিকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন