ঢাবির 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' ইউনিটের ফল প্রকাশ; পাশের হার ৯.৮৫%

ঢাবির 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ দশমিক ৮৫ শতাংশ পরীক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এবছর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় মানবিকে এক হাজার ৭০৭টি, বিজ্ঞানে ৯৪৪টি ও ব্যবসায় শিক্ষায় ২৮৩টি আসনসহ মোট দুই হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে অংশ নেয় এক লক্ষ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয় ১১হাজার ৩১০ জন। ভর্তি পরীক্ষা বাতিল হয় ১০৮ জনের।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd -এই ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে 'DU ALS ˂roll no˃' টাইপ করে '১৬৩২১' নম্বরে 'send' করে ফিরতি 'SMS'-এ ফলাফল জানা যাবে।

কৃতকার্য শিক্ষার্থীদের করণীয়:

পাশকৃত শিক্ষার্থীদের আগামী ২৪ মার্চ বিকাল ৩ টা হতে ১৬ এপ্রিল বিকাল ৩ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ০৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্যের জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে খোঁজ রাখতে বলা হয়েছে।

তিনটি ভিন্ন বিভাগে প্রথম যারা:

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য থেকে ভর্তির সুযোগ রয়েছে। এবারে বিজ্ঞান বিভাগে ১০৮ দশমিক ২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী কে এ এইচ এম তাহমিদ। তার পরীক্ষা অঞ্চল ছিলো রংপুর বিভাগে।

মানবিক বিভাগে ১০৬ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের শিক্ষার্থী সাইফা বিনতে ওয়ারিস। তার পরীক্ষা কেন্দ্র ছিলো ঢাকা বিভাগে।

অন্যদিকে বাণিজ্য বিভাগে ১০২ দশমিক ২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী তোফায়েল আহমেদ। তারও পরীক্ষা কেন্দ্র ছিলো ঢাকা বিভাগে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন