ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে স্বাগত, ৭ দফা দাবি শিক্ষার্থীদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে স্বাগত, ৭ দফা দাবি শিক্ষার্থীদের

ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, সেশনজট, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, শিক্ষক সংকট ও মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সমস্যা সমাধান ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দুপুর ১টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ে পরীক্ষা সম্পন্নসহ ৭ দফা দাবি জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক লুৎফর রহমানকে আন্তরিক স্বাগত জানায়। সম্প্রতি তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংকট সমাধানে তার অগ্রণী ভূমিকা থাকবে বলে তারা আশাবাদী। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার প্রতি সম্মান রেখে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবি হলো—

১. সেশনজট নিরসন

২০২১-২২ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

২. ফি কমানো:

সেশন ফি ও পরীক্ষার ফরম পূরণের ফি যৌক্তিক পর্যায়ে কমাতে হবে।

৩. পূর্ণাঙ্গ প্রশাসন ও একাডেমিক কাঠামো:

দ্রুততম সময়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠন করে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে হবে এবং সময়োপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।

৪. একাডেমিক অবকাঠামোর উন্নয়ন:

প্রতিটি ক্যাম্পাসে মানসম্মত একাডেমিক ও পাঠদানের পরিবেশ, সমৃদ্ধ গ্রন্থাগার এবং গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।

৫. স্থায়ী প্রশাসনিক ভবন ও টিএসসি:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্থায়ী প্রশাসনিক ভবন এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণ ও নিশ্চিত করতে হবে।

৬. আবাসন সংকট নিরসন:

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিটি ক্যাম্পাসে প্রয়োজন অনুযায়ী নতুন আবাসিক হল নির্মাণ করতে হবে।

৭. পরিবহন সংকট নিরসন:

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি ক্যাম্পাসে পর্যাপ্তসংখ্যক পরিবহন বরাদ্দ নিশ্চিত করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন