এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৪১

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৪১

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিতি আরও বেড়েছে। রোববার সারাদেশে ১১ টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯৩ পরীক্ষার্থী।

এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪১ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ২৩ জন এইচএসসির, ১০ জন আলিমের এবং ৮ কারিগরী বোর্ডের ।

বিজ্ঞাপন

রোববার পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়। এর আগে প্রথম দিনের পরীক্ষায় ১৯ হাজার ৭৫৯ জন অনুপস্থিত ছিলেন।

সূত্রমতে, রোববার ১১ টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ২০ হাজার ২৬৬ জন। এরমধ্যে অংশগ্রহণ করেন ১০ লাখ ৯৭ হাজার ৮৭৫জন। অর্থাৎ এদিন ২২ হাজার ৩৯১ জন অনুপস্থিত ছিলেন।

নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৩৩ হাজার ৫৩৯ জন। মোট ১ হাজার ৬০০ টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৮৯৮ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ।

অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ২৩ জনের মধ্যে ৮ জন ঢাকায়, ৩ জন রাজশাহীর, ২ জন বরিশালের, ২ জন কুমিল্লার, ১ জন যশোরের, ২ জন চট্টগ্রামের, ২ জন দিনাজপুরে এবং ৩ জন ময়মনসিংহ বোর্ডের ।

মাদরাসা বোর্ডে আলিমের ২য় দিনে সারা দেশের ৪৫৯টি কেন্দ্রে সাধারণ বিভাগের আরবি প্রথম পত্র এবং বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগের আরবি সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৮৩ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৯ হাজার ২৯২ জন এবং অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯১ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ৩৬ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এ দিনের বিএম ও বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণীর ইংরেজি-২, একাদশ শ্রেনীর ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৭৩৩টি কেন্দ্রে ১০ লাখ ২ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নিয়েছেন ১০ লাখ ৯৪২ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ২ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৪ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন