ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে নারী শিক্ষার্থী-গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে নারী শিক্ষার্থী-গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রোকেয়া হলের মূল ফটক থেকে বের হয়ে ভিসি চত্বর দিয়ে ঘুরে পুনরায় হলের মূল ফটকে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘হ্যাঙ দ্য রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি, দিতে হবে-দিয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন। প্রতিবাদ মিছিল শেষে ধর্ষণের শিকার নারী এবং শিশুদের স্মরণে ১ মিনিট মৌন মিছিল করেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থী নুসরাত নূপুর বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও নারীদের উপর নির্যাতন-নিপীড়ন হলেও আমরা কোনো ধর্ষক ও নিপীড়কের বিচার হতে দেখি না। এর পরিবর্তে ধর্ষকদের উন্মুক্তভাবে ঘুরতে দেখা যায়। আমরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা শুধু পুরুষের শাস্তি চাই না, ধর্ষণে সহযোগী নারীদেরও ফাঁসি চাই। আমরা গ্রেপ্তারের নাটক আর দেখতে চাই না।

মিছিলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদিবা সায়মা খান বলেন, আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই। এটিই হবে ধর্ষণের স্থায়ী শাস্তি। সরকার যদি এটি নিশ্চিত না করতে পারে, তবে তারা ব্যর্থ। এমন শাস্তি দিতে হবে যেন কেউ ধর্ষণের কথা ভাবতে ভয় পায়। যাদের ধর্ষণ করার অভিযোগের প্রমাণ মিলবে, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।

23

গণতান্ত্রিক ছাত্রসংসদের গণপদযাত্রা

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধর্ষণবিরোধী গণপদযাত্রা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, জুলাইয়ের খুনি ও এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বর্তমানে দেশব্যাপী ধর্ষণের ঘটনা ও এসব ঘটনার বিচারহীনতাই এধরনের অন্যায় কার্যক্রমকে আরো বাড়িয়ে তুলছে। আমরা চাই, প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার হোক, অপরাধীরা শাস্তুির আওতায় আসুক।

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বলেন, এ দেশে ততদিন নারী দিবস পালন হবে না যতদিন না এই আট বছরের শিশুর মতো সব ধর্ষণের শিকার নারীদের ধর্ষকদের বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ধর্ষণবিরোধী বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই শিশুর ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় শাখা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন