দ্রুত চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে শিবিরের স্মারকলিপি

দ্রুত চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে শিবিরের স্মারকলিপি

দ্রুত চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নিকট স্মারকলিপি দিয়েছেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে চবি প্রক্টর অফিসে প্রক্টরের নিকটে এই স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

এ সময় সংগঠনটির শিক্ষা সম্পাদক মোহাম্মদ পারভেজ, অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদ, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব ও এফ রহমান হল সভাপতি মোনায়েম শরীফ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে দীর্ঘদিন যাবৎ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। ছাত্রসমাজের অধিকার ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে নির্বাচন না হওয়া একটি গুরুতর অন্তরায় উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, চাকসু নেতৃত্ব বিকাশের একমাত্র প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের চিন্তা-চেতনা, মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্মারকলিপিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো– দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রূপরেখা ও সময়সূচি ঘোষণা করতে হবে; চাকসুর জন্য গঠনতন্ত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে হালনাগাদ করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে ছাত্র-সংসদ পুনরায় কার্যকর করে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন