ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সোমবার ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সকালে কলেজ ক্যাম্পাসে বের হওয়া র্যালিতে ছাত্ররা পরিবেশ দিবসের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করে। র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণির ছাত্রদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম। আরো উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সিনিয়র উপাধ্যক্ষ তার বক্তব্যে সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি বলেন, পরিবেশ রক্ষার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে, রেমিয়েন্স নেচার এণ্ড আর্থ ক্লাবের উদ্যোগে ১৯ থেকে ২১ মে তিনদিন ব্যাপী কলেজ ক্যাম্পাস থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ কার্যক্রম সরাসরি শিক্ষার্থী কর্তৃক পরিচালিত হয়। একাজে উৎসাহিত করার লক্ষ্যে ছাত্র ও অভিভাবকদের জৈব কলম ও গাছের চারা প্রদান করা হয়।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

