এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪ হাজার ৮৬৪

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪ হাজার ৮৬৪

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিতি আরো বেড়েছে। মঙ্গলবার সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৮৬৪ পরীক্ষার্থী। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় ৬২ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৩৯ জন এইচএসসির, ৮ জন আলিমের এবং ১৫ জন কারিগরি বোর্ডের।

প্রথম পরীক্ষায় ১৯ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯৩ পরীক্ষার্থী। আর প্রথম দিনে ৪৩ জন, দ্বিতীয় দিনে ৪১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। তবে এদিন পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করে কমিটি।

সূত্রমতে, মঙ্গলবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৯৬ হাজার ৯৩৩ জন। এর মধ্যে অংশগ্রহণ করেন ১১ লাখ৭২ হাজার ৬৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ১১ হাজার ৪৮৬ জন। মোট এক হাজার ৬০০টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯৩ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১৮হাজার ২৩১ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৮০ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হন ৩৯ জন।

মাদ্রাসা বোর্ডে বাংলা প্রথম পত্র বিষয়ে আলিম পরীক্ষার সারা দেশের ৪৫৯টি কেন্দ্রে মোট ৮৪ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৯ হাজার ৫২৫ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৬৩১ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ৫০ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ১০ জনকে বহিষ্কার করা হয়।

কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ ও উচ্চতর গণিত-২ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ এক হাজার ২৯১জন। অংশ নেন ৯৯ হাজার ২৮৯ জন। অনুপস্থিত ছিলেন দুই হাজার দুজন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৮ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন