নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন
অধ্যাপক ড. মামুন আহমেদ। ফাইল ছবি

সার্কের উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নরস বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ১৬তম গভর্নিং বোর্ডের সভায় তাঁকে পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত করা হয়।

নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বিদায়ী চেয়ারম্যান শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নির্বাচন দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণায় আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অধ্যাপক মামুন আহমেদ বলেন, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়া তার জন্য অত্যন্ত সম্মান ও মর্যাদার বিষয়। তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণে কাজ করবেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দায়িত্ব পালনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও প্রশাসনিক স্বচ্ছতা জোরদারে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, ডিজিটাল সংযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্নিং বোর্ডের সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চেয়ারম্যানের মেয়াদ হবে পরপর দুটি সভা অথবা নির্বাচনের তারিখ থেকে দুই বছর—যেটি আগে ঘটে।

এর আগে, ২০২৪ সালের ২১ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের ১৩তম সভায় শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নেকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচনের প্রস্তাব গৃহীত হয়। তিনি বোর্ডের ১৪তম ও ১৫তম সভায় সভাপতিত্ব করেন। পরবর্তী সময়ে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অধ্যাপক মামুন আহমেদ নির্বাচিত হন।

অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং আঞ্চলিক সংহতি জোরদারের লক্ষ্যে সার্কভুক্ত আটটি দেশের উদ্যোগে ২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। আঞ্চলিক সহযোগিতাভিত্তিক এ বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও গবেষকদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...