বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ ক্ষুদ্র দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এই অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, ব্রজমোহন (বিএম) কলেজের আশপাশের এলাকা এবং চৌমাথা লেক পাড় এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন এবং হাটবাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।
স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ চৌমাথা এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের দু-একদিন পরই প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান সাংবাদিকদের বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে বিভিন্ন এলাকায় নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ চৌমাথা এলাকায় এই অভিযান চালানো হলো। নগরের স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় রাখতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

