এ বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পাস করেছে। এই বিভাগে ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ এবং ছাত্রী ৮৩ দশমিক ৭০ শতাংশ। আর সবচেয়ে কম পাস করেছে মানবিকের শিক্ষার্থীরা। এতে ছাত্র পাসের হার মাত্র ৪১ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রী ৫৪ দশমিক ৩৮ শতাংশ।
এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৯ দশমিক ৯৮ শতাংশ ছাত্র এবং ৬৯ দশমিক ৯২ শতাংশ ছাত্রী পাস করেছে। সব বিভাগ মিলিয়ে ৯ বোর্ডে ৬৭ দশমিক ৯১ শতাংশ ছাত্রী এবং ৫৯ দশমিক ৭৩ শতাংশ ছাত্র পাস করেছে।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ শিক্ষার্থী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


