তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতাকে উৎসাহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্ব।
আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত এ পর্বে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করবেন। প্রকল্প মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়েরও আয়োজন রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আয়োজকদের সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী, মূল্যায়ন, প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হবে।
প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. মো. ইকবাল। সদস্যসচিব হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ আবু নাছের ও ড. মোস্তফা আজিজ সুমন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

