প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই

আমার দেশ অনলাইন

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য আনুপাতিক হারের ভিত্তিতে সুযোগ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সরকারি স্কুলের আটজন শিক্ষার্থীর মধ্যে একজন বৃত্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে, আর বেসরকারি স্কুলের পাঁচজনের মধ্যে একজন সুযোগ পাচ্ছে। ফলে বেসরকারি শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমান সুযোগ নিশ্চিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি স্কুলের শিক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি স্কুলের ৯০ হাজার।

মোট সাড়ে ৮২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি স্কুলের ৬৬ হাজার এবং বেসরকারি স্কুলের সাড়ে ১৬ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। বৃত্তির অনুপাত সরকারি স্কুলে ৮:১ এবং বেসরকারি স্কুলে ৫.৫:১।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। দেশজুড়ে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, শিক্ষার্থীরা অনুকূল পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে। এ জন্য জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই প্রক্রিয়া চালু রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা হালনাগাদ করা হবে। বৃত্তির অর্থের পরিমাণ এবং সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা নিয়েও পর্যালোচনা করা হবে। সর্বোচ্চ সমতা নিশ্চিত করে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

পরিদর্শনকালে তিনি বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল কেন্দ্র ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...