এসএসসি ফল কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

এসএসসি ফল কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ফলাফল প্রকাশের পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে আগামী ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর সরকারের নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী ফল প্রকাশ করা হবে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, ফল প্রকাশের জন্য ট্যাবুলেশন শিট তৈরি ও তথ্য যাচাই-বাছাইসহ অন্যান্য কারিগরি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ৮ জুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফলাফল প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে নির্দিষ্ট দিনে তা প্রকাশিত না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই ফলাফল প্রকাশের ব্যাপারে শিক্ষা বোর্ডগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা কয়েকটি মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফল জানতে পারবে। ফল প্রকাশের দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে খুব সহজেই ফলাফল জানা যাবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালীন নকলের দায়ে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন