ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।
বুধবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানান তারা।
বিবৃতিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাবির স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। চব্বিশের ফ্যাসিবাদী বিরোধী ও শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন সংগ্রামে তার সক্রিয় ভূমিকা ছিল। যে ছেলেটি স্বপ্ন দেখেছিল পরিবর্তনের, যে লড়াই করেছিল মানুষের অধিকার রক্ষার জন্য গণঅভ্যুত্থানের সেই সম্মুখযোদ্ধা সাম্যকেই তার নিজের ক্যাম্পাসে প্রাণ দিতে হলো। এ কেমন দেশ বানাচ্ছে শাসকরা? কিভাবে শোষ হবে এই রক্তের দায়, জীবনের মূল্য? আমরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার চাই, বিচার চাই, জবাবদিহিতা চাই। ব্যর্থ প্রশাসন নয়, আমরা নিরাপদ ক্যাম্পাস ও সুরক্ষিত বাংলাদেশ চাই।
ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ বলেন, আমরা আশঙ্কা করছি যে, গোটা দেশের মানুষ যখন দেশে একটি জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তখন ঢাবি ক্যাম্পাসের মত্যে একটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাতে খুন করার ঘটনা বিশ্ববিদ্যালয় তথা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হতে পারে। কেননা বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়। অতীতেও বিভিন্ন সময় এ ধরণের ঘটনা ঘটে এবং সেগুলোর কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি। ফলে একের পর এক খুনের ঘটনা আমাদেরকে বিচলিত ও উদ্বিগ্ন করে তোলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

