ফিনল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নতুন কড়াকড়ি, কঠিন হচ্ছে পরিবার নেওয়া

আমার দেশ অনলাইন

ফিনল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নতুন কড়াকড়ি, কঠিন হচ্ছে পরিবার নেওয়া

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভাষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও পারিবারিক আবাসনের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। দেশটির অর্থনীতি ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয় নতুন অভিবাসন সংস্কার প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে। প্রস্তাবের ওপর আগামী ২৯ জুন পর্যন্ত মতামত গ্রহণ করা হবে। এরপর চলতি অধিবেশনেই বিলটি পার্লামেন্টে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রস্তাব অনুমোদিত হলে নতুন নিয়মগুলো ২০২৭ সাল থেকে কার্যকর হতে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা শিক্ষার্থীর সঙ্গে একই সময় বসবাসের অনুমতির আবেদন করতে পারেন। তবে নতুন প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষার্থীকে অন্তত এক বছর ফিনল্যান্ড–এ বসবাস করার পরই পরিবারের সদস্যরা আবাসনের অনুমতির আবেদন করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ন্যূনতম আয়ের শর্ত আইন ও সরকারি অধ্যাদেশের মাধ্যমে নির্ধারণের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে এ বিষয়ে নির্দেশনা দেয় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

সরকারের ভাষ্য, পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি ছাড়া অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী ফিনল্যান্ড–এ গিয়ে নানা সমস্যায় পড়ছেন। একই সঙ্গে বিদেশি শিক্ষা এজেন্টদের বিভ্রান্তিকর তথ্য ও মধ্যস্থতাকারীদের কাছে ঋণগ্রস্ত হওয়ার ঘটনাও বাড়ছে।

নতুন প্রস্তাবে শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশের আগেই ভাষাগত দক্ষতা প্রমাণের বাধ্যবাধকতা রাখার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কিছু শিক্ষার্থী পর্যাপ্ত ইংরেজি বা শিক্ষার ভাষাজ্ঞান ছাড়া ফিনল্যান্ড–এ পৌঁছান, ফলে তাঁদের পড়াশোনা সম্পন্ন করতে সমস্যা হয়। প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত ভাষাগত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে শিক্ষার্থীদের স্টাডি রেসিডেন্স পারমিটের আবেদন বাতিল করা হতে পারে।

২০২৩ সাল থেকে ফিনল্যান্ড সরকার ধাপে ধাপে অভিবাসন ও স্থায়ী বসবাসসংক্রান্ত নীতিমালা আরও কঠোর করে আসছে। এর মধ্যে স্থায়ী আবাসন ও নাগরিকত্ব পাওয়ার নিয়মও কঠিন করা হয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রায় ২২ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী ফিনল্যান্ডে অধ্যয়ন করছেন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) বাইরের শিক্ষার্থীদের পাঠদানভিত্তিক প্রোগ্রামগুলোর জন্য তুলনামূলকভাবে বেশি টিউশন ফি দিতে হয়, যা প্রতিষ্ঠান ও প্রোগ্রামের ওপর নির্ভর করে বছরে ৮ হাজার থেকে ২০ হাজার ইউরোর মধ্যে থাকে। এই প্রস্তাবনাগুলো ইউরোপজুড়ে একটি বৃহত্তর প্রবণতারই প্রতিফলন, যেখানে সরকারগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন ও নিয়মকানুন কঠোর করার পাশাপাশি বিশ্বব্যাপী প্রতিভার জন্য প্রতিযোগিতা অব্যাহত রাখছে।

সূত্র: ইকোনমিক টাইমস ও পিআইই নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন