তাজমিন হত্যা: রাজুকে কক্সবাজারে রেখেই ফিরল কুমিল্লা ডিবি

তাজমিন হত্যা: রাজুকে কক্সবাজারে রেখেই ফিরল কুমিল্লা ডিবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের উদ্দেশে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীকে (২০) নিজেদের হেফাজতে নেয়নি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে রাজুকে আনতে কক্সবাজার গেলেও তাকে নিজেদের গাড়িতে তুলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আবার কক্সবাজার থানাতেই রেখে চলে আসে কুমিল্লা ডিবি পুলিশের তদন্তকারী দল। কুমিল্লা পুলিশের দাবি, তাজমিন হত্যা মামলায় রাজুর সরাসরি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সোমবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।

এর আগে গতকাল রোববার রাতে তাজমিন হত্যা মামলায় জড়িত সন্দেহে রাজুকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরদিন সোমবার সকালে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকারের নেতৃত্বে একটি দল তাকে হেফাজতে নিতে কক্সবাজার যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজুকে কক্সবাজার সদর থানা থেকে বের করে ডিবি পুলিশের একটি গাড়িতে তোলা হয়। এ সময় তাকে গ্রহণের পর পুলিশ সদস্যদের ছবি তুলতেও দেখা যায়। তবে শেষ পর্যন্ত তাকে সঙ্গে না নিয়ে কক্সবাজার সদর থানাতেই রেখে চলে যায় ডিবি পুলিশের দলটি।

রাজুকে হস্তান্তরের জন্য কুমিল্লা ডিবির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়, তাজমিনের ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা করে ঘটনার প্রায় দুই দিন আগে তার কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। ওই সময় রাজুর সঙ্গে তার দেখা-সাক্ষাৎ হয়েছিল এবং ঘটনার পূর্বে তাদের মধ্যে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ হয়েছিল।

চিঠিতে আরও বলা হয়, তাজমিনের সঙ্গে রাজুর পূর্বপরিচয়, যোগাযোগের কারণ এবং ডিজিটাল মাধ্যমের তথ্য যাচাই করা প্রয়োজন। মামলার বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে কি না, তা জানতেই জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছিল।

তবে সব তথ্য যাচাই-বাছাই শেষে সোমবার সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, তাজমিন হত্যা মামলায় সরাসরি কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় রাজুকে হেফাজতে নেওয়া হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন