নেত্রকোণার মদনে মাদক সেবনকালে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মদন থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক।
আটক অন্য তিনজন হলেন—মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
বিষয়টি নিয়ে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরার আটকের বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, মাদক সেবন অবস্থায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

