ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সকল আসামীর অনতিবিলম্বে গ্রেপ্তারে প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিয়ে শাহবাগ থানা ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় 'জাস্টিস ফর সাম্য' প্রতিপাদ্যকে ধারণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্য হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে।

এসময় তারা 'আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই,' 'উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে' 'অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,' প্রভৃতি স্লোগান দেন।
এর আগে রাজুতে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক বলেন, এই ক্যাম্পাস শিক্ষার্থীবান্ধব করতে হবে। বহিরাগত মৃক্ত করতে হবে যেন প্রত্যেক শিক্ষার্থী নিরাপদে ও নির্বিঘ্নে বিচরণ করতে পারে তার নিশ্চয়তা এই প্রশাসনকে দিতে হবে। তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করতে প্রস্তুত আছি।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি খুবই স্পষ্ট- আমরা সাম্য হত্যার সঠিক বিচার চাই। কিন্তু, একজন শিক্ষার্থীর মৃত্যুতে প্রশাসন কীভাবে ঘুমায়? সেটা আমাদের মাথায় আসেনা। সেদিনের ঘটনায় বাংলা অ্যাকাডেমির সিসি ক্যামেরা, শমরিতা হাসপাতালের সিসি ক্যামেরা দেখলেই তো স্পষ্ট হওয়া যায় কারা খুনি। কিন্তু প্রশাসন কেন লুকাচ্ছে এসব? তাদের উদ্দেশ্যটা কী? তারা এটা নিয়ে প্রহসন চালাচ্ছে।
আরেক শিক্ষার্থী বলেন, যদি সাম্যের আসামিদের গ্রেপ্তার না করা হয় তবে আমরা শাহবাগ থানার সকল কার্যক্রম বন্ধ করে দিবো। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশদ আলোচনার জন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি দল থানায় প্রবেশ করেছে। বাকি শিক্ষার্থীরা থানার সামনে তাদের ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

