ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে রমজান উপলক্ষে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ সিজন-২ শুরু হয়েছে। রোববার সকাল ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
আয়োজকরা বলেন, অনলাইন ও অফলাইন মিলিয়ে এবার প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা পৃথক ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। ক, খ ও গ—এমন কয়েকটি গ্রুপে প্রাথমিক অডিশন পর্ব পরিচালিত হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রথম দিনের বাছাইপর্ব সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। আজ ও আগামীকাল (সোমবার) প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত পর্ব আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি রাকিবুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সময় এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। সেই ধারাবাহিকতায় ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, “অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্রদল আজ এ পর্যায়ে এসেছে। গত বছরের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো আমরা এ আয়োজন করতে পেরেছি। অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।”
ভবিষ্যতে জেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ কর্মসূচি সম্প্রসারণের আশা ব্যক্ত করে তিনি বলেন, “আগামী ছাত্রদল হবে পলিসিনির্ভর এবং ওয়েলফেয়ার পলিটিক্সের ছাত্রদল। নীতিনির্ভর ও কল্যাণমুখী ছাত্ররাজনীতির সমন্বয় ঘটাতে আমরা কাজ করব।”
আয়োজকরা জানান, রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল উদ্বোধনের দিনই। হাকিম চত্বরে স্থাপিত একাধিক বুথে প্রতিযোগীরা অডিশন রাউন্ডে অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রথম দিনেই প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

