ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে অষ্টমবারের মতো নন-ফিকশন বইমেলা শুরু হচ্ছে শনিবার। চলবে সোমবার পর্যন্ত। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বণিক বার্তা ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এই মেলার আয়োজন করছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, তিন দিনব্যাপী এই মেলায় অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, আলোঘর প্রকাশনা, ঐতিহ্য, কথাপ্রকাশ, পাঠক সমাবেশ, বাতিঘর, দিব্যপ্রকাশ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিচ্ছে।
মেলায় ক্রেতাদের জন্য ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি প্রতিদিন ‘র্যাফল ড্র’র আয়োজন থাকবে। প্রকাশকদের মনোনীত বই থেকে নির্বাচিত দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা-২০২৪’ দেওয়া হবে।
শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। এ ছাড়া প্রকাশক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত থাকার কথা রয়েছে।
মেলার সমাপনী অনুষ্ঠানে আগামী ৩০ ডিসেম্বর বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।
শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসায়, অর্থনীতিসহ গবেষণাধর্মী নন-ফিকশন বইয়ের প্রতি আগ্রহী করে তোলাই নন-ফিকশন বইমেলা অন্যতম লক্ষ্য উল্লেখ করে বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম বলেন, নন-ফিকশন বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠক মহলে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বণিক বার্তার যুগ্ম বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম, বণিক বার্তার বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিংয়ের উপমহাব্যবস্থাপক মঞ্জুর হোসাইন ও সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

