আন্তর্জাতিক শ্রমবাজার ও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের অধিকতর দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে যাচ্ছে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা, বিশেষ করে ইংরেজি, মান্দারিন, জাপানিসহ অন্যান্য ভাষায় নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিয়মিত ভাষাচর্চা ও স্পিকিং সেশন ছাড়াও পাবলিক স্পিকিং, বিতর্ক, উপস্থাপনা, বইপাঠ, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার, কর্মশালা এবং ভাষাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সরাসরি পাঠদানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষার উপকরণ ব্যবহারের সুযোগও থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভব করেই কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগে ইতিবাচক প্রভাব ফেলবে।
ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু প্রসঙ্গে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো যোগাযোগ দক্ষতা অর্জন করতে হবে। আমাদের শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও অনেক সময় শুধু ভাষার দক্ষতার অভাবে আন্তর্জাতিক অঙ্গনে পিছিয়ে পড়ে। কলেজ পর্যায়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর মূল উদ্দেশ্য হলো— শিক্ষার্থীদের ভেতরে থাকা জড়তা ও ভয় দূর করা, যাতে তারা সাবলীলভাবে ইংরেজি বা অন্য কোনো একটি তৃতীয় ভাষায় কথা বলতে এবং ভাব প্রকাশ করতে পারে। আমরা চাই, আমাদের প্রতিটি কলেজ থেকে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা যেকোনো বৈশ্বিক পরিবেশে নিজেদের আত্মবিশ্বাসী ও সফলভাবে উপস্থাপন করতে পারবে।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর শিক্ষার্থীরা, যারা সাধারণত ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ পায় না, এই ক্লাবগুলো তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। চতুর্থ শিল্পবিপ্লব ও বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে এই দক্ষতা একটি অপরিহার্য যোগ্যতা।
সূত্র জানায়, খুব শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে ঢাকা মহানগরের কলেজগুলোকে যুক্ত করে একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


