চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এটি হতে যাচ্ছে শিক্ষকদের প্রথম কোনো যৌথ প্ল্যাটফর্ম, যা ‘জুলাই স্পিরিট’ বা ‘জুলাইয়ের চেতনা’কে ভিত্তি করে গড়ে উঠবে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এর আগেই তিনি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই উদ্যোগের কথা জানান।
অধ্যাপক বিলাল হোসাইন জানান, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা একটি শিক্ষক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এ মাসের ২৬ জুলাইয়ের দিকে। আমরা এর কনসেপ্ট নোট, উদ্দেশ্য ও কর্মসূচি শিগগিরই প্রকাশ করব। আশা করি এই জুলাইতেই যাত্রা শুরু করতে পারব, ইনশাআল্লাহ।’
তিনি আরো জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ব্র্যাকসহ দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে যুক্ত থাকবেন। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একত্রে এই প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
এর আগে চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনায় দুটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। প্রথমে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি, যা পরে রূপ নেয় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অপর অংশ গঠন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম।
শিক্ষকদের নতুন এই উদ্যোগ ‘জুলাই চেতনা’র একটি শিক্ষাবান্ধব এবং গবেষণাভিত্তিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

