পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলছে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বছরব্যাপী তদারকি নিশ্চিত করতে একটি বিশেষ আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনার কথা জানানো হয়।
প্রধান নির্দেশনা
আসন্ন ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
ছুটি-পরবর্তী প্রস্তুতি: ঈদুল ফিতরের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার আগেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
নিয়মিত তদারকি: প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তদারকি কার্যক্রম আরো জোরদার করতে হবে।
সাপ্তাহিক অভিযান: প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
সবুজায়ন ও বাগান: প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং নিয়মিত বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।
সচেতনতা বৃদ্ধি: শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

