আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রেইন স্ট্রোকে মারা গেলেন ঢাবি শিক্ষার্থী আহসান

ঢাবি সংবাদদাতা

ব্রেইন স্ট্রোকে মারা গেলেন ঢাবি শিক্ষার্থী আহসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সদা হাস্যোজ্জ্বল আহসানুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে শরীরের বাম অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেলে দ্রুত তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

আহসানের বন্ধু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদ আদনান বলেন, আমার গণরুমের বন্ধু আহসান। দেখা হলেই বলতাম ‘কী রে সাধারণ শিক্ষার্থী?’- ও বলতো ‘কী রে সাংবাদিক?’ গতকাল বিকেলেও শেষবার কথা হয়েছিল। নিউজে ওর ডিপার্টমেন্ট হিসেবে নৃবিজ্ঞান লিখেছিলাম, ও বললো ‘না, আমি ইসলামিক স্টাডিজে পড়ি। সেদিন রাতেই ওর স্ট্রোক হলো, আর সকালে শুনি সে নেই। এটা এখনও বিশ্বাস করতে পারছি না।

আহসানের অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার সহপাঠীরা। সবার প্রিয় ও সদা হাস্যোজ্জ্বল এ শিক্ষার্থীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আরেক বন্ধু শাহরিয়ার ইসলাম শুভ বলেন, আমাদের সেশনের একজন শিক্ষার্থী এভাবে হঠাৎ করে না ফেরার দেশে চলে যাবে, এটা ভীষণ কষ্টের। আমাদের জীবনটা আসলেই একেকটা নিবু নিবু প্রদীপের মতো- কে কখন নিভে যাবে কেউ জানে না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ঢাবি নিস্তব্ধ হয়ে আছে। ঢাবি শিক্ষার্থীরা আহসানের জন্য দোয়া এবং শোক প্রকাশ করছে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে- "আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন- এটাই এখন সবার প্রার্থনা।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন