চবির শাহ আমানত হলের অস্ত্র কাণ্ডে চার সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, চবি

চবির শাহ আমানত হলের অস্ত্র কাণ্ডে চার সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার জেরে দেশীয় অস্ত্র হাতে এক শিক্ষার্থী শাহ আমানত হল থেকে বের হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, শাহ আমানত হল থেকে এক শিক্ষার্থী দেশীয় অস্ত্র হাতে বের হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাদাত হোসেনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষক সেলের সোহরাব হোসেন শাওন। এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন।

উল্লেখ্য, গত ১৭ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মারধরের ঘটনার জেরে শাহ আমানত হল এলাকায় সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ২০২০–২১ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী মোস্তাক আহমেদ গামছায় মোড়ানো চাপাতি হাতে বের হন বলে অভিযোগ ওঠে, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে শাখা ছাত্রশিবিরসহ বিভিন্ন পক্ষ প্রতিক্রিয়া জানায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...