জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারা দেশের ১৩৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
National-University

শুক্রবার সকালে ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি জানান, এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে মানবিক শাখায় ২ লাখ ৭৪ হাজার ৭১৮ জন, বাণিজ্য শাখায় ১ লাখ ১৭ হাজার ০৩৬ জন এবং বিজ্ঞান শাখায় ১ লাখ ৬৮ হাজার ৮৪১ জন শিক্ষার্থী রয়েছে।

সবগুলো পরীক্ষাকেন্দ্র জেলা সদরে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কলেজ থেকে অথবা ব্যক্তিগতভাবে ইউজার আইডিতে লগইন করে প্রবেশপত্র গ্রহণ ও প্রিন্ট আউটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিকল্প হিসেবে প্রাথমিক আবেদনপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও তথ্য সম্বলিত এসএমএসের প্রিন্ট আউট প্রদর্শন করে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভর্তি প্রস্তুতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

ইতোপূর্বে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় এক যুগের পর বর্তমান উপাচার্যের উদ্যোগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন