জবি এলাকায় নিহত বিশ্বজিতের স্মরণে

‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ফ্যাসিবাদ বিরোধী বিশ্বজিৎ চত্বর নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।

‎

বিজ্ঞাপন

‎রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংস্কার ও আধুনিকায়ন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসি মিলনায়তনটির সংস্কার ও আধুনিকায়ন করেছে।

‎

‎অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা জানান। তিনি বলেন, সিপাহী বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। যথাযথ মর্যাদায় এটি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

‎

‎শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ‘ধূপখোলা মাঠ’ যথাযথভাবে বরাদ্দ দেওয়ার ঘোষণাও দেন।

‎

‎এ সময় পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

‎

‎নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। ডেঙ্গু প্রতিরোধ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।

‎

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন