৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় যে সব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে শ্রুতিলেখক নিয়োগ করা হবে।
শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের আগামী ১০ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন আবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আবেদন পাঠানোর ঠিকানা, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
আবেদনপত্রের সাথে জমা দিতে হবে- অনলাইন আবেদনপত্র (BPSC Form-1), প্রবেশপত্র, প্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (অনধিক ৩ মাস পূর্বে তোলা), প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদের সত্যায়িত কপি, সিভিল সার্জন প্রদত্ত প্রত্যয়নপত্র। সিভিল সার্জন সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের সহায়তায় (যেমন: দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধি প্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা নিজ দায়িত্বে প্রতিবন্ধী প্রার্থীকে পরীক্ষা করে প্রতিবন্ধিতার স্বপক্ষে প্রত্যয়নপত্র প্রদান করবেন।
প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে শ্রুতিলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না বলে বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শ্রুতিলেখকের জন্য আবেদনকারীকে কেবল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।#
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

