রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বুধবার দুপুর ১টার দিকে তিনি মনোনয়নপত্র নেন।
মনোনয়ন উত্তোলন শেষে তিনি বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি। রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর। আমি আশাবাদী, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চিনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আশা করি একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাড়াবে ও ভোট দিবে।
তিনি জানান, আমি বিবাহিত, চারটি কন্যা সন্তান আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।
শাহরিয়ার মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে।
এদিকে আজকেই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলন সময়সীমা। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়ন জমা নেওয়া হচ্ছে আজ। সিনেটে ২ জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

