ঢাবির 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে একাধিক প্রশ্নে পুনরাবৃত্তি

ঢাবির 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে একাধিক প্রশ্নে পুনরাবৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষার 'ব্যবসায় শিক্ষা' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে চারটি প্রশ্ন দুইবার করে দেওয়া হয়েছে। তবে সকল সেটে এই পুনরাবৃত্তি দেখা যায়নি।

শনিবার অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণে বিষয়টি উঠে এসেছে।

বিজ্ঞাপন

প্রশ্নে সমস্যা হলেও শিক্ষার্থীদের সঙ্গে কোনো বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম।

প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রশ্নপত্রের ‘এ’ সেটে অ্যাকাউন্টিং অংশে ২৫ ও ৩৩ নম্বরে ‘তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?’ প্রশ্নটির পুনরাবৃত্তি ঘটেছে।

সেটের ২৬ নম্বরে ‘মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত?’ প্রশ্নটি ৩৪ নম্বরে পুনরায় দেওয়া হয়েছে।

সেটের ২৭ নম্বরে ‘কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?’প্রশ্নটি পুনরায় ৩৫ নাম্বারে দেওয়া হয়েছে। এছাড়াও ২৮ নম্বরে ‘নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত?’ প্রশ্নটি ৩৬ নম্বর প্রশ্নে পুনরাবৃত্তি করা হয়েছে।

'বি' সেটের প্রশ্নেও প্রশ্নের পুনরাবৃত্তি ঘটেছে। এই সেটের মধ্যেই একই প্রশ্নগুলো ২৯ নম্বরের প্রশ্ন ৩৩ নম্বরে, ৩০ নম্বরের প্রশ্ন ৩৪ নম্বরে, ২৮ নম্বরের প্রশ্ন ৩২ নম্বরে এবং ৩১ নম্বরের প্রশ্নটি ৩৫ নম্বরে পুনরাবৃত্তি হয়েছে।

এবিষয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার  প্রধান সমন্বয়কারী ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, এরকম সমস্যা আমি আমার ফ্যাকাল্টিতে একটিও পাইনি। কিন্তু ঘটনা হলো কিছু প্রশ্নে, সেটি হয়ত ৫০ থেকে ৬০ টি প্রশ্নে হবে, ‘এ’ সেটের প্রশ্ন ‘বি’ সেটে চলে গেছে, এবং ‘বি’ সেটের প্রশ্ন ‘এ’ সেটে চলে এসেছে। আমাদের কমিটির সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নে এমন হওয়ায় পরীক্ষার্থীদের ফলাফলে কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন