এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক: অভিভাবক ঐক্য ফোরাম

এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক: অভিভাবক ঐক্য ফোরাম

আসন্ন এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে সরকার ঘোষিত ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা রুটিন অনুযায়ী নিধারিত তারিখে যথাযথ সময়ে আয়োজন করার দাবি জানান তারা।

নেতৃদ্বয় বলেন, বারে বারে পরীক্ষার তারিখ ও রুটিন পরিবর্তন করলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আগ্রহ হারিয়ে ফেলেন এবং এর ফলে পরীক্ষার ফলাফল খারাপ হতে বাধ্য। কতিপয় শিক্ষার্থী পরীক্ষা পেছানোর জন্য অগ্রহণযোগ্য ও অযৌক্তিক দাবি নিয়ে তথাকথিত অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তা প্রত্যাহার করে পরীক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফিরে গিয়ে লেখা পড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান এই অভিভাবক নেতারা।

তারা আরো বলেন, করোনাকালে ও ফ্যাসিস্ট সরকার উৎখাতের আন্দোলনে ছাত্র ছাত্রীদের অনেক ক্ষতি হয়েছে। সেই লেখাপড়ার ঘাটতি পোষানোর কোন ব্যবস্থা শিক্ষা মন্ত্রনালয় নেয়নি। দেশের বর্তমান পরিস্থিতি শিক্ষা উপযোগী হওয়ায় দ্রুত সময়ে সিলেবাস শেষ করে পূর্বের নির্ধারিত তারিখে পরবর্তী সব এসএসসি এবং এইচএসসি পরীক্ষা গ্রহণের পদক্ষেপ নিবে। প্রকৃতিক দুর্যোগ ছাড়া আর কখনোই যাতে কোন পাবলিক পরীক্ষা পেছানো না হয় সে বিষয়ে শিক্ষা বোর্ডের পাশাপাশি শিক্ষা মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়।

অভিভাবক নেতারা বলেন, পরীক্ষা যতবার পেছানো হয় অভিভাবকদের তত আর্থিক কষ্ট হয় এটা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তির উপলব্ধি করতে হবে। খোড়া যুক্তিতে কোনভাবেই এসএসসি পরীক্ষা পেছানো যাবে না বলেও মত দেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন