জুলাই বিপ্লবের চেতনা ও আদর্শকে সাহিত্যিকভাবে ধারণ করতে জাতীয় পর্যায়ে গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘জুলাই বিপ্লব স্মরণে: ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’ শিরোনামে এই আয়োজনে দেশ-বিদেশের লেখকদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, সহস্র মানুষের আত্মত্যাগ এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সংগ্রামকে নানা উপায়ে মুছে দেওয়ার চেষ্টা করছে একটি ‘কালচারাল ফ্যাসিস্ট’ চক্র। সেই প্রেক্ষাপটে জুলাই বিপ্লবকে সাহিত্যিকভাবে শক্তিশালী ও সংরক্ষণ করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। পরবর্তীতে প্রতিযোগিতায় বাছাইকৃত গল্প ও উপন্যাসগুলো বই আকারে প্রকাশ করে পাঠকের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরো বলা হয়, নবীন ও প্রবীণ সব ধরনের লেখকই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। গল্প ও উপন্যাস দুই বিভাগে মোট ৪০ জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে মোট ১ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের বই প্রদান করা হবে। নির্বাচিত লেখাগুলো নিয়ে প্রকাশনা সংস্থা গার্ডিয়ান পাবলিকেশন এক বা একাধিক সংকলন প্রকাশ করবে।
লেখা জমা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জমাকৃত গল্প বা উপন্যাস অবশ্যই ২০২৪ সালের জুলাই বিপ্লবভিত্তিক হতে হবে এবং প্রতিটি লেখার একটি শিরোনাম থাকতে হবে। লেখার শেষে লেখকের নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, সেশন, জেলা, মোবাইল নম্বর ও ই-মেইলসহ বিস্তারিত পরিচয় উল্লেখ করতে হবে। লেখা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে এবং পূর্বে কোথাও প্রকাশিত বা অন্য ভাষা থেকে অনূদিত লেখা গ্রহণযোগ্য হবে না। একজন লেখক সর্বোচ্চ একটি গল্প ও একটি উপন্যাস জমা দিতে পারবেন।
লেখা পাঠানোর ক্ষেত্রে ই-মেইলের সাবজেক্টে গল্পের জন্য ‘ডাকসু জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা-২০২৬’ এবং উপন্যাসের জন্য ‘ডাকসু জাতীয় উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’ উল্লেখ করতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানা ducsu.cullit@gmail.com-এ আগামী ১৫ জুলাই ২০২৬-এর মধ্যে লেখা পাঠাতে হবে।
পুরস্কারের ক্ষেত্রে প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন ২৫ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানধারীরা যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট পাবেন। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অধিকারীদের ২ হাজার এবং নবম থেকে বিংশতম স্থানধারীদের ১ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
ডাকসু জনায়, বিচারকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত লেখাগুলো নিয়ে একটি গল্প সংকলন এবং একটি উপন্যাস সংকলন প্রকাশ করা হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

