চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে চবি ছাত্রদল সমর্থিত প্যানেল।
শুক্রবার আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে তারা কার্যক্রমের সূচনা করেন।
এতে উপস্থিত ছিলেন ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) শাফায়াত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাসেত, শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদ ফরহাদ হোসেন, হৃদয় চন্দ্র তরুয়া, ওয়াসিম আকরামসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
ছাত্রদল মনোনীত চাকসুর জিএস প্রার্থী শাফায়াত হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের আদর্শ বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

