গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স

ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশি হামলার তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশি হামলার তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের সাধারণ ছাত্রীদের ন্যায্য অধিকারের আন্দোলনে গভীর রাতে পুলিশ ডেকে এনে ছাত্রীবাসে প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্মম ও বর্বরোচিত লাঠিচার্জ এবং শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সাধারণ ছাত্রীরা হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করছিল। কিন্তু কলেজ প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে, গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। পবিত্র শিক্ষাঙ্গনে এবং ছাত্রীদের নিরাপদ আশ্রয়স্থল ছাত্রীবাসে পুরুষ পুলিশ প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্মম শারীরিক নির্যাতন ও বেধড়ক লাঠিচার্জ করার ঘটনা নজিরবিহীন, লজ্জাজনক এবং আইনের শাসন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে যেখানে অধ্যক্ষের দায়িত্ব ছিল ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্নেহের সঙ্গে সমস্যার সমাধান করা, সেখানে তিনি ছাত্রীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন সাধারণ ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার দায় নিয়ে অধ্যক্ষের জবাবদিহিতা ও পদত্যাগ এবং আহত ছাত্রীদের চিকিৎসার ব্যয়ভার বহনসহ শিক্ষার্থীদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি এই স্বৈরাচারী ও দমনমূলক আচরণ বন্ধ করে ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপদ আবাসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন