টিএসসিতে ঢাবি ছাত্রলীগের এক নেতা আটক

টিএসসিতে ঢাবি ছাত্রলীগের এক নেতা আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উপনাট্য বিষয়ক সম্পাদক লিপটন ইসলামকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির দোতলায় নাট্য সংসদের রুম থেকে প্রথমে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় শাহবাগ থানায় তাকে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত লিপটন ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ ও মাস্টার দ্য সূর্যসেন হলের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাবি শাখা ছাত্রলীগের কমিটিতে উপনাট্য বিষয়ক সম্পাদক পদ পান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ (ডিইউডিটি)-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের সভাপতি ছিলেন তিনি।

বর্তমানে ছাত্রলীগের এই নেতাকে মামলায় নেওয়ার প্রক্রিয়া চলমান আছে বলে জানান শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর। তিনি বলেন, ঢাবি প্রক্টরিয়াল বডির সহায়তায় শিক্ষার্থীরা আমাদের কাছে ছাত্রলীগের একজন নেতাকে সোপর্দ করে। বর্তমানে আমরা ডিবির কাছে তার নামে মামলা দেওয়ার প্রক্রিয়ায় আছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস বলেন, বিকেলে টিএসসির নাট্য সংসদের রুমে আমরা লিপটনকে দেখতে পাই। আমরা ধারণা করছি, নাট্য সংসদের সাধারণ সম্পাদক সাফিন উজ জামানের সহায়তা ও প্রশ্রয়ে লিপটন টিএসসিতে এসেছে। তিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলাকারী ছিলেন। পরে আমরা তাকে প্রক্টরিয়াল বডির সাহায্যে পুলিশে দেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আজকে ঢাবি ছাত্রলীগের উপনাট্য বিষয়ক সম্পাদককে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে আগে থেকেই মামলা রয়েছে।

আগামী ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন