জাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে জ্যামের কারণে স্বপ্নভঙ্গ অনেক শিক্ষার্থীর

জাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে জ্যামের কারণে স্বপ্নভঙ্গ অনেক শিক্ষার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট ঢাকা-আরিচা মহাসড়কের তীব্র যানজটে ভোগান্তির পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক শিক্ষার্থী। এতে স্বপ্ন ভেঙ্গেছে অনেক শিক্ষার্থীর।

রোববার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৭ কি.মি. ব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, তীব্র যানজটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকেই নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আবার অনেকে নির্ধারিত সময়ের ১৫-২০ মিনিট এমনি পরীক্ষা শেষে ও অনেকে কেন্দ্রে পৌঁছানো অনেকে। অনেকে সাভার থেকে বাসে এসে যানজটের কারণে নেমে প্রায় ২-৩ কি.মি. রাস্তা হেঁটে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান।

সাভার থেকে আসা আসা ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমাদের সাভার থেকে আসতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। আমি ১ ঘণ্টা সময় নিয়ে বের হয়েছি। এরপরেও পরীক্ষা শুরুর ২০ মিনিট পরে এসে পৌঁছেছি।

মুন্সিগঞ্জ থেকে আসা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক বলেন, মহাসড়কের গাড়ির জ্যামের কারণে আমি মেয়েকে নিয়ে আসতে দেরি করে ফেলেছি। ৯টায় পরীক্ষা এখন বাজে ৯টা ৪৫ মিনিট। এ মুহূর্তে কি কোনোভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যাবে। কেউ কি কেনো সহযোগিতা করতে পারবে এই বিষয়ে!

ভর্তি পরীক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে পালনকারী বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বিগত ৫-৭ বছরে এমন যানজট দেখা যায় নি৷ কতগুলো স্বপ্ন চোখের সামনে ধ্বংস হতে দেখলাম। এক অভিভাবক আকুতি নিয়ে বলেন, বাবা তোমার হাতে পায়ে ধরি আমার মেয়েকে একটু দিয়ে আসো । ১৫ মিনিট দেরি করে আসা এক আপু বলেছে আল্লাহর দোহাই লাগে আমাকে কেউ সাহায্য করেন । কেঁদে কেঁদে এক আপু বলছে আমি কী পরীক্ষা দিতে পারবো না ভাইয়া ? একজন শিক্ষার্থী ৫ কিলোমিটার হেঁটে এসে ৩০ মিনিট পর পরীক্ষায় বসতে হয় সে কি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে ? কত মানুষ আজকে পরীক্ষা দিতে পারে নি তার ধারণা নেই। কত মানুষের স্বপ্ন গাড়িতে বসেই শেষ হয়ে গেছে জানা নেই।

তীব্র যানজট নিরসনে সাভার হাইওয়ে থানার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, আজকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাভার থেকে নবীনগর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। আমরা যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশ ডিপ্লয় করেছিলাম। তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। আগামীকাল থেকে কীভাবে আরো কার্যকর ভাবে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে আমাদের সভা ডাকা হয়েছে। আগামীকাল থেকে মহাসড়কে সেনাবাহিনী উপস্থিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা ভর্তি পরীক্ষা শুরুর আগেই পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছিলাম। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সমন্বিত সভা আছে একটি। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। আশা করি আগামীকাল থেকে আর কোনো সমস্যা থাকবেনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন