দুই দফা দাবিতে টানা আট ঘণ্টা প্রশাসনিক ভবন অবরোধের পর তালা খুলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ‘আমরা প্রশাসনের জন্য গেটের তালা খুলে দিয়েছি। চাইলে তারা যাতায়াত করতে পারবেন। তবে দাবির বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

একই সংগঠনের আহ্বায়ক ফয়সাল মুরাদ জানান, তাদের আন্দোলন শিক্ষকদের অসম্মান করার জন্য নয়। তাই কাউকে অবরুদ্ধ না রেখে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
তালা খোলার প্রায় দেড় ঘণ্টা পর রাত ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা ক্যাম্পাস ত্যাগ করেন। এর আগে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা।
পরে সাংবাদিকদের উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দুটি দাবি—জকসু নির্বাচন ও সম্পূরক বৃত্তি—দুটিই অগ্রসরমান। জকসুর প্রক্রিয়া দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, আর বৃত্তির কাজও অনেক দূর এগিয়েছে। আশা করছি, শিগগিরই দাবি পূরণ হবে, তবে কিছুটা সময় লাগবে।’
এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন শুরু করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্যসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

