জীবননগরে সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন বিএসএফের

জীবননগরে সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন বিএসএফের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সকাল ৬টার দিকে তাদের পুশইন করা হয়। পরে তারা জীবনগর শহরে পৌঁছলে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন, তা যাচাই-বাছাই করার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, সীমান্তে দিয়ে পুশইনের পর ওই পাঁচ ব্যক্তি বাংলাদেশে প্রবেশে করেন। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

আটকরা হলেনÑআব্দুস শুকুর খান, শারমিন আক্তার রুমি, হামিদা, নয়ন ও নিয়ান। এর মধ্যে নিয়ান ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে, বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তি সীমান্ত পারাপারে সহায়তা করেন। তবে এর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন