কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানকে আবারো বদলি করা হয়েছে। আগের বদলি আদেশের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি কর্মস্থল না ছাড়ায় নতুন করে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানকে ঢাকা জেলায় বদলি করা হয়। এর আগে গত ৩০ জুলাই চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মোস্তফা মুন্নার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বদলি করা হয়েছিল।
তবে ওই বদলি আদেশের পরও তিনি ব্রাহ্মণপাড়ার কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গত প্রায় এক বছর ধরে ব্রাহ্মণপাড়া উপজেলা ভূমি অফিসের কার্যক্রম নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলা এলাকায় ড্রেজার মেশিনের ব্যবহার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ভূমি অফিসে ঘুষ-বাণিজ্য এবং ড্রেজার-সংক্রান্ত অনিয়মে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন।
নতুন করে বদলির আদেশ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দা।
বদলির বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
তারেক রহমান ২০২৫ সালের ২৫ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
বদলির আদেশের বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম দৈনিক আমার দেশকে বলেন, বদলির আদেশ পেয়েছি।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

