আনন্দ-উৎসব ও প্রত্যাশার মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করল ভিওডি বাংলা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে ভিওডি বাংলার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) ফ্যাসিবাদের আমল থেকে কাজ করছে। তাদের ওপর নিপীড়ন-ঝড় আসার শঙ্কা ছিল। কিন্তু তারা সেই আশঙ্কা সাহসের সঙ্গে মোকাবিলা করেছে। তারা অচিরেই প্রথম শ্রেণির গণমাধ্যমে পরিণত হবে।
রুহুল কবির রিজভী বলেন, ভিওডি বাংলা অনেক ঝড়ঝাপটা মোকাবিলা করে দুই বছর পার করেছে। সুতরাং, এখন তাদের আর পিছিয়ে পড়ার শঙ্কা নেই। এই প্রতিষ্ঠানের অনেককেই আমি চিনি। তারা নির্ভয়ে কাজ করে যাচ্ছে। তারা শুধু সরকারের প্রশংসাই করে না, সমালোচনাও করে। এটা গণতন্ত্রেরই অংশ, সংবাদপত্রের স্বাধীনতারই অংশ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভিওডি বাংলার এমডি ফয়সাল সালাম অত্যন্ত সম্ভাবনাময় তরুণ। তিনি ভিওডি বাংলাকে নেতৃত্ব দিয়ে প্রথম সারির গণমাধ্যমে পরিণত করবেন বলে আমি বিশ্বাস করি।
বক্তব্যের শেষে ভিওডি বাংলাকে শুভকামনা জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ভিওডি বাংলা গণমানুষের আকাঙ্ক্ষার চ্যানেলে পরিণিত হয়েছে।
ভিওডি বাংলার কর্মীদের অভিনন্দন জানান মন্ত্রী। তিনি বলেন, ভিওডি বাংলার সঙ্গে যারা আছেন তারা গণমানুষের আকাঙ্ক্ষার মধ্যেই আছেন। মানুষ যেমন গণমাধ্যম চায় ভিওডি মানুষের সেই চাওয়া পূরণ করছে।
মন্ত্রী আরো বলেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করবো- ভিওডি বাংলা পূর্বের মতোই মানুষের কণ্ঠস্বর হয়ে সরকারকে পথ দেখাবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ভয়েস অব ডেমোক্রেসি’ নামটির মধ্যেই গণতন্ত্রের কথা উঠে আসে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই আমি মনে করি, এই প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমরা বিগত তিন ফ্যাসিস্টবিরোধী আন্দোলন-সংগ্রামে দেখেছি, এই প্রতিষ্ঠানটি কী কষ্ট করে রাজপথে মানুষের কথা বলেছে এবং মানুষের সামনে তা তুলে ধরেছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা মনে করি, আগামী দিনে বিওডি তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ১২ই ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে—এই গণতান্ত্রিক বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক বাংলাদেশের মিডিয়ার অধিকার বাস্তবায়ন করছেন।
তিনি চান, যারা বাংলাদেশের মানুষের কথাগুলো তুলে ধরতে চান, বাংলাদেশের মানুষের অভাব-অভিযোগগুলো সামনে নিয়ে আসেন—তারা যেন বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তাকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে পারেন। আমরা মনে করি, ভিওডি আগামী দিনে মানুষের কথাগুলো, মানুষের বক্তব্যগুলো সামগ্রিকভাবে মানুষের সামনে তুলে ধরে মানুষের স্বপ্নগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই প্রত্যাশা রেখে এবং আরও সুন্দর উপস্থাপনার মাধ্যমে এগিয়ে যাবে—সেই আশা ব্যক্ত করছি।
অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ভয়েস অব ডেমোক্রেসির প্রতিষ্ঠাতা, সবার প্রিয়ভাজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও ভিওডির একঝাঁক তরুণ কর্মীকে আজকের দিনে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। দেশের মানুষের কথা সবার আগে সবার কাছে পৌঁছে দিচ্ছে ভিওডি বাংলা। প্রতিষ্ঠানটি প্রযুক্তিগতভাবে আরো এগিয়ে গেছে। এরই মধ্যে তারা দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে। এজন্য ভিওডি বাংলাকে অনেক অনেক শুভেচ্ছা।
ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম সাগর বলেন, ভিওডি বাংলা দুই বছরের পথচলায় ডিজিটাল কনটেন্ট ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আজকের এই শুভক্ষণে ভিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠা উপভোগ করুন।
এদিন সন্ধ্যায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আবু সাঈদ। এরপরই আমন্ত্রিত অতিথি, কলাকুশলীসহ সবার অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় সংগীত।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য দেলাওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব ড. মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজ, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, জেডিপির আহ্বায়ক নাঈম আহমেদ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক রাইয়ান জহির, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের আজকের এই দিনে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করেছিল ‘ভিওডি বাংলা’। দেখতে দেখতে সেই পথচলার দুই বছর পূর্ণ হলো আজ। এই সময়ের মধ্যে সংবাদ, তথ্য ও মানুষের গল্পকে গুরুত্ব দিয়ে পাঠকের কাছে নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে 'ভিওডি বাংলা'।
‘পথ দেখে, পথ দেখায়’ স্লোগানকে বুকে ধারণ করে ভিওডি বাংলার পথচলা কেবল ‘ট্র্যাডিশনাল সংবাদ’ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ব্রেকিং নিউজ থেকে ভিন্নধারার বিশেষ প্রতিবেদন, দেশের নানা প্রান্তের মানুষের কথা, সমসাময়িক ঘটনা, জাতীয় থেকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং জীবনঘনিষ্ঠ গল্প তুলে ধরার পাশাপাশি যাত্রার শুরু থেকেই দেশের প্রথম অনলাইনভিত্তিক টক শো চালু করে পাঠকের সামনে নতুন আঙ্গিকে কনটেন্ট উপস্থাপনের চেষ্টা অব্যাহত রেখেছে ভিওডি বাংলা মিডিয়া লিমিটেড।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


