রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজয়-২৪ হলে গাছ থেকে লিচু পেড়ে তা শিক্ষার্থীদের রুমে রুমে পৌঁছে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে হল সংসদের নেতারা এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হলটির প্রোভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম।

জানা যায়, হল প্রাঙ্গণের গাছ থেকে প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করা হয়। পরে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুম এবং হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে তা বিতরণ করা হয়। প্রতিটি রুমে ২৫ থেকে ৩০টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়।
বিজয়-২৪ হল সংসদের ভিপি রাসেল মিয়া বলেন, “গত বছরও আমরা হলের প্রতিটি লিচু গাছের ফল শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এ বছরও শিক্ষার্থীদের সহায়তায় গাছ থেকে লিচু সংগ্রহ করে রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এই আয়োজন আমাদের শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয় এবং হলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।”

এ বিষয়ে হলের প্রোভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম বলেন, “হলের একটি লিচু গাছে এ বছর প্রচুর ফল ধরেছিল। আমরা চেয়েছিলাম, এই ফল যেন হলের সকল শিক্ষার্থী উপভোগ করতে পারে। তাই লিচু সংগ্রহ করে সবার মধ্যে বিতরণ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদেরও দেওয়া হয়েছে। পুরো বিষয়টি আমরা উৎসবমুখর পরিবেশে উপভোগ করেছি।”
এই উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং হলজীবনে ভিন্নমাত্রা যোগ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

