চট্টগ্রামে হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, ইবি

চট্টগ্রামে হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

বিজ্ঞাপন

এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘গুপ্তদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘মেধাবীদের সেরা দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘শিক্ষা-গুপ্ত একসাথে চলে না’সহ নানা প্রতিবাদী স্লোগান।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করা হবে না। যারা গুপ্ত রাজনীতি করছেন তারা সতর্ক হয়ে যান, অন্যথায় রাজপথেই এর জবাব দেওয়া হবে।”

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ অভিযোগ করেন, ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ সক্রিয় হয়ে উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, এসব কার্যক্রম প্রতিরোধে ছাত্রদল কঠোর অবস্থানে যাবে।

তিনি আরও জানান, অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক সহনশীলতা দেখানো হলেও বর্তমানে তাদের লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনলাইনে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ছাত্রদল নিজেরাই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...