ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের চারটি শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় অসাধারণ ফলাফল ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২৪ জন শিক্ষার্থীকে ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, মেডেল ও উত্তরীয় তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির। এছাড়া ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, "একটি পুরস্কার কেবল একটি সনদ বা মেডেল নয়; এটি একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের শ্রম, অধ্যবসায়, মেধা ও সাফল্যের স্বীকৃতি। এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও উৎকর্ষতা অর্জনে অনুপ্রাণিত করবে।"
তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি শুধু ডিগ্রি প্রদানই করে না, বরং শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কার্যকর অবদান রাখছে।
উপাচার্য আরও বলেন, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়; অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি ইনস্টিটিউটে আধুনিক গবেষণাগার, উন্নত যন্ত্রপাতি এবং যুগোপযোগী ব্যবহারিক প্রশিক্ষণ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরির কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "ডিরেক্টরস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা, অধ্যবসায় ও মেধার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে মেধার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।"
তিনি বলেন, বর্তমান সমাজে আলোকিত, সৎ ও দায়িত্বশীল মানুষের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তারা শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত অ্যালামনাই হিসেবে শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে। কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজেদের প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নবীন শিক্ষার্থীদের পেশাগত বিকাশে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে উপাচার্য বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী ২৪ জন শিক্ষার্থীর হাতে ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬-এর সনদ, মেডেল ও উত্তরীয় তুলে দেন।
ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতেখারুল হক নাসিফ ও অনিন্দ্য অর্ঘ্য, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে তানজীমুল ইসলাম ও নাদিয়া আক্তার শুচি এবং লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগে বিলকিস বানু স্বর্ণা ও অনিন্দিতা দে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে অরুন্ধতী সিনহা রায় ও ফাহিম মাহমুদ, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনাইদ মোরশেদ অভ্র ও সূচনা দাস এবং লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগে ফারজানা রহমান ও মো. ইসমাঈল হোসেন।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে মো. ফাইয়াজ হোসেন ও জোবায়ের আহমেদ, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে সাবিনা আক্তার ও সিলভিয়া ইসলাম সিলভী এবং লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগে সানজিদা পারভীন রাহী ও এনামুল হক।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে রাবেয়া সুলতানা ও মুহাইমিন আলম সিয়াম, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে শারমিন সুলতানা ও পলি রাণী দাস এবং লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগে নাজিয়া সিদ্দিকা ফারজানা ও সামিয়া আক্তার ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬ লাভ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

