জকসু নির্বাচন নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

জকসু নির্বাচন নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোচনা সভা

‘জকসু নির্বাচন ২০২৫: কবে চাই? কেমন চাই?’— শীর্ষক মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের পাদদেশে আয়োজিত এ সভায় অনতিবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি খাদিজা তুল কুবরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ। সভায় অংশ নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জকসু নির্বাচন নিয়ে তাঁদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘দ্রুততম সময়ে জকসু নির্বাচন চাই এবং একাডেমিক ক্যালেন্ডারে জকসু অন্তর্ভুক্ত করার দাবি জানাই।’

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আরেফিন সৌরভ বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় অর্থায়নে চলে। তাই শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার চর্চা হতে পারে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে।’

এছাড়া ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ট্যালেন্ট চাকমা অভিযোগ করেন, ‘খসড়া নীতিমালায় আদিবাসী শিক্ষার্থীদের জন্য কোনো পদ রাখা হয়নি। এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের সাথে সাংঘর্ষিক। আমরা সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক জকসু চাই।’

একই সেশনের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অর্ঘ্য শ্রেষ্ঠ দাস বলেন, ‘শিক্ষার্থীদের দাবিদাওয়া আদায়ের জন্য নির্বাচিত প্রতিনিধি দরকার। প্রশাসন যদি গড়িমসি করে তবে আমাদের রাজপথে নামতে হবে।’

সভায় সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, ‘অভ্যুত্থানের পর নতুন প্রশাসন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে গড়িমসি করছে। কারণ বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী বডিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই। গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করতে হলে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।’

সমাপনী বক্তব্যে সহ-সভাপতি খাদিজা তুল কুবরা বলেন, ‘গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য এই বছরেই জকসু নির্বাচন করতে হবে। এটি হবে সব লিঙ্গ, জাতি ও ধর্মের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র কণ্ঠস্বর। পাশাপাশি, ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি যাতে স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে সেজন্য তাঁদের সর্বত্র জবাবদিহিতার মধ্যে রাখতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন