ছাত্রদের নতুন ছাত্রসংগঠন

হাতাহাতির মাঝেই 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ'-এর আত্মপ্রকাশ

হাতাহাতির মাঝেই 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ'-এর আত্মপ্রকাশ

'শিক্ষা, ঐক্য, মুক্তি' প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রনেতাদের নেতৃত্বে স্বতন্ত্র ছাত্র সংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ'- আত্মপ্রকাশ ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এই কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

এতে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনের নাম ঘোষণা করা হয়।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব হিসেবে মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আল আমিন সরকার, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদির নাম ঘোষণা করা হয়।

এর আগে বেলা তিনটায় কমিটি ঘোষণার কথা থাকলেও বেলা চারটা নাগাদ মধুর ক্যান্টিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আনাদোলনের সমন্বয়ক রিফাত রশীদের পক্ষে উত্তপ্ত স্লোগান দেন। এসময় তারা 'সিন্ডিকেটের রাজনীতি, মানি না, মানবো না','সিন্ডিকেটের কমিটি, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,' 'উই ওয়ান্ট জাস্টিস', 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না' 'রিফাত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে' প্রভৃতি স্লোগান দেন।

পরে স্লোগানরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে মধুর ক্যান্টিন। এক পর্যায়ে বাধ্য হয়ে মধুর ক্যান্টিনের ভেতরে নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা করেন আবু বাকের মজুমদার।

পরে বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র সামনে, শ্যাডোতে ও মল চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

পরে এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, আজকে নতুন ছাত্রসংগঠন ঘোষণা হয়েছে। নতুন সংগঠনে একটি ইতিবাচক প্রতিযোগিতা রয়েছে৷ আমরা এটিকে এগিয়ে নিতে যাবো। নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এককভাবে কমিটি গঠিত হয়নি। সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।

মারামারির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আরো বলেন, আমরা এটাকে ইতিবাচক প্রতিযোগিতা হিসেবেই দেখছি। আমরা আগে যেভাবে একত্রে জাতীয় শক্তি হিসেবে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

নবঘোষিত কমিটিতে প্রত্যাখ্যান করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা নতুন এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তৈরি করে কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা এই কমিটি মানি না।

মারামারি বিষয়ে আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের দাবি নিয়ে স্লোগান দিচ্ছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছি। এটি তাদের পূর্ব পরিকল্পিত ছিলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন